প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫-এর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে মনোনীত শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মনোনীত শিক্ষার্থীদের আগামী ১ অক্টোবর অফিস চলাকালীন প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে প্রকাশিত প্রধানমন্ত্রী স্বর্ণপদকের মনোনয়ন ফরম অথবা বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া ফরম নির্দেশনা অনুযায়ী পূরণ করতে হবে।
প্রত্যেক শিক্ষার্থীকে ফরমের দুই সেট হার্ডকপি জমা দিতে হবে। এর সঙ্গে নিজ স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্র, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট, ট্রান্সক্রিপ্ট বা গ্রেডশিট এবং জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হবে।
সব কাগজপত্র যথাযথভাবে সত্যায়িত করে সংশ্লিষ্ট ইনস্টিটিউটের পরিচালক বা বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের সফটকপি পিডিএফ আকারে নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২২ সালের জন্য ৭ জন, ২০২৩ সালের জন্য ৭ জন, ২০২৪ সালের জন্য ৭ জন এবং ২০২৫ সালের জন্য ৮ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে।
২০২২ সালের তালিকায় রয়েছেন সাদ্দাম হোসাইন, রুমানা সিদ্দিকা মারুফা, আয়েশা আক্তার, রোকেয়া পারভিন, মো. বিল্লাল হোসেন, জান্নাতুল ফেরদৌস প্রোমা ও মুজতানিবা জাহান মাশরাকা।
২০২৩ সালের তালিকায় রয়েছেন মো. আনোয়ার শাহ, সারমিন আক্তার, সাদিয়া জান্নাত মিতু, জয় পাল, মোছা. শুমোনা আক্তার, তানজুম আহমেদ নূদী ও তাসনিমা আক্তার।
২০২৪ সালের জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন আরিফুল ইসলাম, আসমা আক্তার, মুহাম্মদ গোলাম রোহমান শাফি, সাদিয়া খানম, রাগিব শাহরিয়ার রাফি, জান্নাতুন নাহের ঊর্মি ও মো. মুহিব আহসান চৌধুরী।
২০২৫ সালের তালিকায় রয়েছেন সোমাইয়া তাবাসসুম, ফারিয়া আক্তার ইভা, শানজিদা সারমিন মৌরি, দীপান্বিতা বৈদ্য, আনিকা তাবাসসুম অন্তরা, আভা রহমান, বিদিশা অধিকারী ও মোছা. ফারিয়া ইয়াসমিনসহ তালিকাভুক্ত শিক্ষার্থীরা।
এদিকে ইউজিসির প্রধানমন্ত্রী স্বর্ণপদক আবেদন গাইডলাইনে আবেদনপ্রক্রিয়াকে তিন ধাপে ভাগ করা হয়েছে। ধাপগুলো হলো—স্টুডেন্ট ইনফরমেশন, একাডেমিক পারফরম্যান্স অ্যান্ড অ্যাটাচমেন্টস এবং রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিশন। আবেদনকারীরা চাইলে প্রক্রিয়ার মধ্যে আবেদনটি ড্রাফট হিসেবে সংরক্ষণ করে পরে তা সম্পন্ন করতে পারবেন।