হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। পরিদর্শন শেষে তিনি এ অনুদানের ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে যে সহায়তার ঘোষণা দেওয়া হয়েছিল, তা অব্যাহত থাকবে। প্রয়োজন হলে এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আরও সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
স্বাস্থ্যকেন্দ্রটি পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের পক্ষ থেকে ৫০ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবার জন্য আরও কিছু করার উদ্যোগ নেওয়া হবে।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমীর বলেন, অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা উচিত।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। কোনো দুর্বৃত্ত যেন দেশের কোথাও অসামাজিক বা অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও দাবি করেন, ‘সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়েই দেশজুড়ে মব সন্ত্রাস চলছে।’ একই সঙ্গে রাড্ডার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।