ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) মোহাম্মদ নিয়ামত উল্ল্যাকে দায়িত্ব গ্রহণের মাত্র ২০ দিনের মধ্যে প্রত্যাহার করা হয়েছে। প্রথমে তাকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হলেও পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
গত ১ সেপ্টেম্বর গৌরীপুরে এসিল্যান্ড হিসেবে যোগ দিয়েছিলেন নিয়ামত উল্ল্যা। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন। ২০২১ সালে সরকারি চাকরিতে যোগ দেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন পোস্ট ও অভিযোগ ছড়িয়ে পড়ার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এরপর তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে নিয়ামত উল্ল্যার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি তার ছাত্রজীবনের রাজনৈতিক কর্মকাণ্ড এবং ছদ্মনামে ব্লগে লেখালেখি নিয়েও বিভিন্ন দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন জানান, রোববার সকালে নিয়ামত উল্ল্যাকে তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়। আদেশে সরকারি জনস্বার্থের কথা উল্লেখ করা হয়েছে। পরে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার নির্দেশনা দেওয়া হয় এবং গতকাল সন্ধ্যায় তিনি কর্মস্থল ত্যাগ করেন।
নিয়ামত উল্ল্যার বক্তব্যের বিষয়ে ইউএনও জানান, চাকরিজীবনে তিনি নির্বাচনি দায়িত্ব পালন করেছিলেন। সে সময় তার কর্ম এলাকায় বিএনপির প্রার্থী বিপুল ভোটে জয়ী হন। এ ছাড়া টাঙ্গাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সময় তাকে খাবার ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছিল বলেও নিয়ামত উল্ল্যা জানিয়েছেন।
তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানেন না বলে জানিয়েছেন ইউএনও আফিয়া আমিন। তার মতে, বিষয়টি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জানা যেতে পারে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের মাধ্যমে নিয়ামত উল্ল্যার কর্মজীবন শুরু হয়। এরপর ২০২৪ সালের ১ মে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে এবং ২০২৬ সালের ১ জুন ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগ দেন তিনি।
ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, নিয়ামত উল্ল্যাকে নিয়ে ফেসবুকে বিভিন্ন ধরনের তথ্য ও পোস্ট প্রকাশিত হয়েছে। এসব বিষয় কর্তৃপক্ষের নজরে আসার পর তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
তবে কী ধরনের তথ্য বা অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি জেলা প্রশাসক। তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষই জানাবে।