বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের কর্ণফুলীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই মাইক্রোবাসের চার যাত্রী নিহত হয়েছেন। মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত আটজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. ফেরদৌস আলম (৫), মিপতা (১৭), মাইক্রোবাসের চালক মুন্না (৪০) এবং অজ্ঞাতপরিচয় আরও একজন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে যাত্রী নিয়ে মাইক্রোবাসটি কক্সবাজারের ঈদগাহের দিকে যাচ্ছিল। রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে শিকলবাহা চৌমুহনী এলাকায় পৌঁছালে ইউটার্ন নেওয়া একটি কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিপতা মারা যান।
পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালক মুন্নাসহ আরও দুজন মারা যান। তাদের মধ্যে একজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
কর্ণফুলী থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ১১ জন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পর তাদের মধ্যে আরও দুজনের মৃত্যু হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে মৃত অবস্থায় পায়। হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।
তিনি বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।