প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ফুলগাজী সফর সামনে রেখে উপজেলার গুরুত্বপূর্ণ একটি সড়কের সংস্কারকাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। স্থানীয়ভাবে ‘ফুলগাজী জিয়া সড়ক’ নামে পরিচিত প্রায় ১১০০ মিটার দীর্ঘ সড়কটির সংস্কার, আগাছা পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
এলজিইডি সূত্র জানায়, সড়কটির ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশে প্রয়োজন অনুযায়ী কার্পেটিং ও সিলকোট করা হচ্ছে। পাশাপাশি সড়কের দুই পাশের আগাছা পরিষ্কার এবং আশপাশের এলাকায় সাজসজ্জার কাজও চলছে।
এসব সংস্কার ও সৌন্দর্যবর্ধনকাজের জন্য প্রায় ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ইতোমধ্যে সড়কটির প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে।
ফুলগাজী উপজেলা প্রকৌশলী ইসলাম হোসেন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে সড়কটির সংস্কার জরুরি ভিত্তিতে করা হচ্ছে। প্রায় ২০ লাখ টাকা বরাদ্দের মধ্যে কার্পেটিং ও সিলকোটের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী দুই দিনের মধ্যে পুরো কাজ শেষ করার আশা প্রকাশ করেন তিনি।
এদিকে আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলগাজী সফরের কথা রয়েছে। সফরকালে তিনি তার নানার বাড়ি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে যেতে পারেন। পারিবারিক কবরস্থান জিয়ারতের সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে।
তবে প্রধানমন্ত্রীর সফরের চূড়ান্ত কর্মসূচি এবং যাতায়াতের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ফুলগাজীর বিভিন্ন সড়ক, জনসভাস্থল, জেলা পরিষদ ডাক বাংলো, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র এবং আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা, সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজও জোরদার করা হয়েছে।