২০১৭ সালে রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া ঐতিহাসিক রায়ে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থাটি গণহত্যা প্রতিরোধ ও শাস্তি বিষয়ক সনদের বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে মিয়ানমারকে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া রায়ে বলেন, গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি বিষয়ক সনদের আওতায় থাকা বাধ্যবাধকতা লঙ্ঘন করে মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।
রায়ের পক্ষে আদালতের ৯ বিচারপতি একমত হয়েছেন, বিপক্ষে ছিলেন ৬ বিচারপতি। রায়ে গণহত্যার শিকার রোহিঙ্গা জনগোষ্ঠী ও তাদের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য মিয়ানমারকে দায়বদ্ধ করা হয়েছে।
আদালতের প্রেসিডেন্ট বলেন, বাধ্যবাধকতা লঙ্ঘনের কারণে সৃষ্ট ক্ষতির জন্য রোহিঙ্গা জনগোষ্ঠী ও তাদের সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য থাকবে। ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি এখনই নির্দিষ্ট করা হয়নি। বিচারপ্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে এসব বিষয় নির্ধারণ করা হবে।
রায়ে আরও বলা হয়েছে, দুই বছরের মধ্যে মিয়ানমারকে একটি প্রতিবেদন জমা দিতে হবে। এতে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ প্রদান এবং ক্ষতিগ্রস্তদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরতে হবে।
রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসার সদস্যদের পুলিশ ফাঁড়িতে হামলার পর ২০১৬ সালের অক্টোবরে রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। ২০১৭ সালের আগস্টে অভিযান আরও ব্যাপক আকার ধারণ করে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই দমন-পীড়নে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন এবং প্রায় ৭ লাখ ৪০ হাজার মানুষ প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন।
জাতিসংঘের তদন্তকারীরা ওই অভিযানে ব্যাপক হত্যাকাণ্ড, গ্রাম পোড়ানো এবং রোহিঙ্গা নারী ও কিশোরীদের ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা নথিভুক্ত করেন। তদন্তকারীদের মতে, এসব যৌন সহিংসতা গণহত্যার উদ্দেশ্যের ইঙ্গিত বহন করে।
সহিংসতার পর মিয়ানমারের সামরিক বাহিনী কয়েকটি মামলায় সৈন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেও শাস্তির কার্যকারিতা নিয়ে সমালোচনা রয়েছে। ইন দিন গ্রামে ১০ জন রোহিঙ্গা পুরুষ ও কিশোরকে হত্যার ঘটনায় দণ্ডিত সাত সৈন্যকে কারাদণ্ডের এক বছর পূর্ণ হওয়ার আগেই মুক্তি দেওয়া হয়েছিল।
১৯৮২ সালে মিয়ানমার দেশটির স্বীকৃত জাতিগোষ্ঠীর তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেয়। দীর্ঘদিন ধরে দেশটিতে বসবাসকারী এই জনগোষ্ঠীর অনেককে অভিবাসী বাঙালি হিসেবে আখ্যায়িত করা হয়। এর ফলে অধিকাংশ রোহিঙ্গা নাগরিকত্ব থেকে বঞ্চিত হয়ে রাষ্ট্রহীন জনগোষ্ঠীতে পরিণত হন।
২০২৩ সালে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সংঘাত পুনরায় শুরু হওয়ার পর রাখাইন রাজ্যের বেশির ভাগ এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আরাকান আর্মি। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় গত আগস্টে জানিয়েছে, সেনাবাহিনী ও আরাকান আর্মি—উভয় পক্ষের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর ব্যাপক ও পদ্ধতিগত নির্যাতনের অভিযোগ রয়েছে। আরাকান আর্মির বিরুদ্ধে নির্যাতন, যৌন সহিংসতা ও জোরপূর্বক নিয়োগের অভিযোগও উঠে এসেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শুরু থেকে নির্যাতন ও সংঘাতের কারণে ১ লাখ ৫৫ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন। এর ফলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা প্রায় ১২ লাখে পৌঁছেছে।
বাংলাদেশে আশ্রয় নেওয়া অধিকাংশ রোহিঙ্গা কক্সবাজারের ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরগুলোতে বসবাস করছেন। তারা মূলত আন্তর্জাতিক মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক বছরগুলোতে সহায়তা কমে যাওয়ায় শিবিরগুলোতে খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সংকট বেড়েছে।
অনেক শরণার্থী পরিবার কম খাদ্য রেশন পাচ্ছে এবং বিভিন্ন শিবিরে স্কুল বন্ধ হয়ে গেছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থাও সাম্প্রতিক সময়ে আসা রোহিঙ্গাদের খাদ্য, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা নিয়ে উদ্বেগ জানিয়েছে।
সূত্র: এএফপি, বিবিসি ও আল জাজিরা।