ময়মনসিংহের ভালুকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন ভালুকা পৌর যুবলীগের কর্মী মনির মণ্ডল (৩০), পৌর ছাত্রলীগের কর্মী শিপন মিয়া (২৫) ও আশিকুর রহমান ইমন (২১), মল্লিকবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সাইদুল ইসলাম (২০) এবং ভালুকা উপজেলা ছাত্রলীগের কর্মী সুমন মিয়া (২৪)।
পুলিশের তথ্য অনুযায়ী, শিপন মিয়া ও আশিকুর রহমান ইমন পূর্ব ভালুকা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তারা মৃত আব্দুল হাকিমের ছেলে এবং আপন দুই ভাই। সাইদুল ইসলাম মল্লিকবাড়ী এলাকার আব্দুল জলিলের ছেলে। সুমন মিয়া ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলীর ছেলে। একই ওয়ার্ডের পূর্ব ভালুকার বাসিন্দা মনির মণ্ডল মৃত মোর্শেদ আলী মণ্ডলের ছেলে।
মামলার সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ২৬ আগস্ট ভালুকা মডেল থানায় ৩৯ নম্বর মামলাটি দায়ের করা হয়। বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলাটি করা হয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।