সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে রিয়াদগামী ১০টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৩ হাজার ৪৩১ জন যাত্রী। পরিস্থিতিতে যাত্রীদের দুর্ভোগ যথাসম্ভব কমাতে সংশ্লিষ্ট এয়ার অপারেটরদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে সরকার।
সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মন্ত্রী বলেন, ফ্লাইট স্থগিত হওয়ায় বিভিন্ন স্থানে যাত্রীরা ভোগান্তির মুখে পড়ছেন। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এয়ার অপারেটরদের যাত্রীদের দেখভাল করতে এবং তাঁদের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, যাত্রীরা বিমানবন্দরে আসার আগেই ফ্লাইট স্থগিতের তথ্য জানানো এবং ইতোমধ্যে বিমানবন্দরে পৌঁছে যাওয়া যাত্রীদের ভোগান্তি কমানোর বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
ফ্লাইট চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাঁদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট এয়ার অপারেটরদের গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।