ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহলদল। এ সময় এক বিজিবি সদস্য আহত হন। বিজিবির ভাষ্য অনুযায়ী, আত্মরক্ষার্থে গুলি চালালে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সোমবার ভোর ৫টা ৪৫ মিনিটে হালুয়াঘাট উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ৩৯ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে কিছু পণ্য জব্দ করে বিজিবির টহলদল। জব্দ করা পণ্য নিয়ে ফেরার সময় সংঘবদ্ধ চোরাকারবারিরা সদস্যদের ওপর হামলা চালায়।
বিজিবির বিবরণ অনুযায়ী, প্রথমে হামলাকারীদের মৌখিকভাবে সতর্ক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক গুলি ছোড়ার পরও হামলা অব্যাহত থাকলে আত্মরক্ষার্থে গুলি চালান বিজিবি সদস্যরা। এতে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হন।
পরে তাঁকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে বিজিবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।