বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদের পদত্যাগের পর জাতীয় সংসদের নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়েছে। সংবিধানের বিধান অনুযায়ী আসনটি শূন্য ঘোষণা করে প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর ২০২৬ তারিখে পদত্যাগ করায় সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী সংসদীয় ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য হয়েছে।
শূন্য আসনটি পূরণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে। এ সংক্রান্ত পদত্যাগপত্রের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এদিকে, শূন্য হওয়া আসন পূরণের পরবর্তী প্রক্রিয়া শুরু করতে নির্বাচন কমিশনকেও অবহিত করেছে জাতীয় সংসদ সচিবালয়। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো নির্দেশনায় বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
এর ফলে ফেরদৌসী আহমেদের পদত্যাগের পর শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন-২৩ পূরণে নির্বাচন কমিশনের পরবর্তী কার্যক্রম শুরু করার পথ তৈরি হলো।