ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে ১০৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদক কেনাবেচায় ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এসআরবি-১৪ সূত্রে জানা যায়, রোববার (১ নভেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের পোদ্দারপাড়া বণিক বাড়ির একটি টিনের ঘরে অভিযান চালায় সিপিএসসি, এসআরবি-১৪, ময়মনসিংহের একটি দল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দুলাল চন্দ্র বণিক (৫৫) ও মো. হাতিম মিয়া (৪২)। তাঁদের দুজনেরই বাড়ি ময়মনসিংহ জেলায়।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামগঞ্জ বাজার এলাকায় অবস্থানকালে ওই বাড়িতে বিপুল পরিমাণ মাদক কেনাবেচার তথ্য পায় আভিযানিক দল। পরে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালানো হয়।
এ সময় উপস্থিত লোকজন ও সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ছয়টি প্লাস্টিকের বস্তা থেকে মোট ১০৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে, গ্রেপ্তার দুজন পরস্পরের যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে গাঁজাগুলো নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এসআরবি-১৪ সূত্র আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে এজাহার দায়ের করা হয়েছে। উদ্ধার করা মাদক ও জব্দ করা আলামতসহ তাঁদের গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।