জামালপুরের ইসলামপুরে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কৃষক লীগ নেত্রী পুতুল রাণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) দুপুরে ইসলামপুর পৌরসভার কিংজেল্লা এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুতুল রাণী ইসলামপুর উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলা যুবদলকর্মী ফজলুল হক বাদী হয়ে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। ওই মামলায় আসামি ছিলেন পুতুল রাণী। পরে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পুতুল রাণীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।