কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের। তাঁরা কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার বাসিন্দা। নিহত জয়নাল আবেদীনের বাড়িও একই এলাকায়।
কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রহম আলী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১১ জানুয়ারি জয়নাল আবেদীন কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকার কোহিনুর হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের হোটেলে আসেন। একপর্যায়ে চা-পুরি খাওয়ানোর কথা বলে তাঁরা জয়নালকে হোটেল থেকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।
পরদিন ১২ জানুয়ারি গাইটাল নয়াপাড়া মাটিকাটা হাওরের মাঝখান থেকে জয়নালের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রথমে টাকা-পয়সার বিরোধের জেরে একই গ্রামের মানিকসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন নিহতের স্ত্রী। পরে পুলিশ মানিক ভুঞা ও জামিল উদ্দিনকে গ্রেপ্তার করে। তবে মামলার তদন্তভার অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) যাওয়ার পর তদন্তে নতুন তথ্য পাওয়া যায়।
তদন্তে আগের গ্রেপ্তার ব্যক্তিদের সম্পৃক্ততা না পাওয়ায় তাঁদের মামলার আসামি থেকে বাদ দেওয়া হয়। পরে শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহেরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার আসামিদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।