কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগে। খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের তিনটি ইউনিট সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের স্টেশন অফিসার তালহা বিন জসিম অগ্নিকাণ্ড ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের ধারণা, নিহত ব্যক্তিরা সবাই পর্যটক। তবে তাঁদের পরিচয় ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
আগুন নিয়ন্ত্রণে এলেও ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছিল। অগ্নিকাণ্ডে আরও কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হতে কাজ করছেন সংশ্লিষ্টরা।