বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) যাচাই বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে ওটিপি যাচাই সম্পন্ন না হলে কোনো দর্শনার্থীকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. তোফায়েল হোসেন।
প্রজ্ঞাপনে জানানো হয়, সম্প্রতি যথাযথ প্রবেশ পাস বা অনুমতিপত্র ছাড়াই দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশের প্রবণতা বেড়েছে। এ ধরনের অননুমোদিত প্রবেশের কারণে গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক স্থাপনার সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
পাশাপাশি অনুমতি ছাড়া দর্শনার্থীদের প্রবেশ সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ ব্যাহত করতে পারে বলেও প্রজ্ঞাপনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এ পরিস্থিতিতে সচিবালয়ে আসা প্রত্যেক দর্শনার্থীর প্রবেশের আগে নির্ধারিত ওটিপি যথাযথভাবে যাচাই করে প্রবেশের অনুমতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।