কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে হস্তান্তর করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতিও নিয়ে যান তাঁরা।
সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে অভিযান চালিয়ে ওই পাঁচ কর্মকর্তাকে আটক করা হয়।
আটক কর্মকর্তারা হলেন—পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।
অভিযানের সময় ছাত্রদলের নেতাকর্মীদের আওয়ামী লীগ ও ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাঁদের স্লোগানের মধ্যে ছিল—‘মুজিববাদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘লীগ ধর, জেলে ভর’ এবং ‘ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।
শাখা ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, দেশব্যাপী নাশকতা ও অগ্নিসংযোগের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের শনাক্ত করতেই এ অভিযান চালানো হয়েছে। বিভিন্ন দপ্তরে তাঁদের রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য যাচাই করা হচ্ছে বলেও জানান তাঁরা।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ১ হাজার ৪০০ শিক্ষার্থীর লাশের ওপর দাঁড়িয়ে আজকের বাংলাদেশ। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এবং সাংবিধানিকভাবে আওয়ামী লীগের রাজনীতি ও সংগঠন নিষিদ্ধ করা হয়েছে।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে বর্তমান পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তাঁরা অন্যান্য ক্রিয়াশীল সংগঠনের সঙ্গে কাজ করেছেন। যেকোনো ধরনের মববাজির বিরুদ্ধেও তাঁদের অবস্থান ছিল।
তবে গত কয়েক দিন ধরে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।
হিমেলের দাবি, ক্যাম্পাসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে তাঁদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। এসব কর্মকর্তার অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আটক কর্মকর্তাদের পাশাপাশি সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ছাত্রদলের এই নেতা। একই সঙ্গে আটক কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নিশ্চিত করার দাবি জানান তিনি।
এদিকে ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমাদ বলেন, ক্যাম্পাসে এ ধরনের অপতৎপরতা যারা তৈরি করবে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। উত্থাপিত অভিযোগগুলো যাচাই-বাছাই করে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।