কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী সন্দেহে নেত্রকোনায় ইসলামি বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে চল্লিশা এলাকার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। হামলার সময় ডাকাতের কবলে পড়েছেন ভেবে সাহায্য চেয়ে চিৎকার করেন ওই বক্তা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। হামলায় গাড়ির পেছনের কাচসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে ওয়াসেক বিল্লাহ নোমানীকে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে নিজেদের বাঁচানোর আকুতি জানাতে শোনা যায়। তিনি নিজেকে নওমুসলিম ওয়াসেক বিল্লাহ নোমানী পরিচয় দিয়ে হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে মানুষের সহায়তা চান।
নোমানীর ঘনিষ্ঠজন এবং নেত্রকোনা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আবদুল কাইয়ুমের ভাষ্য অনুযায়ী, ওয়াজ মাহফিল শেষে নোমানী ও তাঁর সফরসঙ্গীরা একটি ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে পূর্বধলায় নিজেদের বাড়ির উদ্দেশে রওনা হন। পথে চল্লিশা বাইপাস এলাকায় লাঠি হাতে কয়েকজন তাঁদের গাড়ি থামানোর চেষ্টা করেন। তাঁদের ডাকাত সন্দেহ করে নোমানী চিৎকার করেন এবং চালককে গাড়ি না থামিয়ে সামনে এগিয়ে যেতে বলেন।
আবদুল কাইয়ুম জানান, পরে মোটরসাইকেলে আরও কয়েকজন গাড়িটির পিছু নেন। পরিস্থিতি বেগতিক দেখে নোমানী গাড়ি ঘুরিয়ে থানার দিকে রওনা হন। কিন্তু থানায় যাওয়ার পথেও হামলা চালানো হয়। এতে গাড়ির পেছনের কাচসহ বিভিন্ন অংশ ভেঙে যায়।
তিনি আরও বলেন, থানায় পৌঁছানোর পর তাঁরা জানতে পারেন, সড়কে পাহারার দায়িত্বে থাকা বিএনপির নেতা-কর্মীরা গাড়িটিতে আওয়ামী লীগের লোকজন রয়েছেন বলে সন্দেহ করেছিলেন। সেই ধারণা থেকেই তাঁরা গাড়ি থামানোর চেষ্টা করেন এবং পরে হামলার ঘটনা ঘটে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, ঘটনাটি ভুল-বোঝাবুঝি থেকে ঘটেছে। এটি ডাকাতির ঘটনা নয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি বিএনপির নেতাদেরও জানানো হয়েছে।
নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. আনোয়ারুল হক বলেন, এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্ভাব্য মিছিল, অগ্নিসংযোগ ও নাশকতার আশঙ্কায় তাঁদের লোকজন বিভিন্ন স্থানে পাহারায় ছিলেন। তাঁর দাবি, গাড়িটি থামানোর সংকেত দেওয়া হলেও চালক না থামিয়ে দ্রুত চলে যাওয়ায় পাহারায় থাকা ব্যক্তিদের সন্দেহ হয়, গাড়িতে আওয়ামী লীগের লোকজন থাকতে পারেন।
আনোয়ারুল হক আরও বলেন, এ ঘটনায় নোমানীর কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। তাঁর ভাষায়, বিষয়টি ভুল-বোঝাবুঝির কারণে ঘটেছে।
এদিকে বক্তব্য জানতে ওয়াসেক বিল্লাহ নোমানীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।