দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। ফ্যাসিবাদবিরোধী সর্বদলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তাঁরা পারস্পরিক সহযোগিতা ও রাজনৈতিক সংহতির ওপর গুরুত্ব দেন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় বাজিতপুর বাজারের গণনাট্য মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদা।
সভা আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে আয়োজকেরা জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান এবং আগামী ডিসেম্বরে দেশকে অস্থিতিশীল করার হুমকি ও ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর ঐক্য তুলে ধরতেই এ আয়োজন।
বক্তব্যে সৈয়দ এহসানুল হুদা বলেন, দেশের স্বার্থে অতীতেও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ছিল। জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান সময়ে কোনো সনদ আদায়ের চেয়ে দেশের অস্তিত্ব ও স্থিতিশীলতা রক্ষা বেশি জরুরি।
তিনি বলেন, “আমি না থাকলে, আপনি না থাকলে কে বাস্তবায়ন করবে সেই সনদ? সবই বাস্তবায়ন হবে। এই মুহূর্তে দরকার ইস্পাতকঠিন ঐক্য।”
সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. মোবারক উল্লাহ, পৌর জামায়াতের সভাপতি শামসুর রহমান রফিক ও সেক্রেটারি জুবায়ের আহমেদ। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষে উপস্থিত ছিলেন আহ্বায়ক রাহাগির আলম মান্না এবং সদস্যসচিব শফিকুল ইসলাম।
এ ছাড়া পৌর বিএনপির সেক্রেটারি জসিম মাহমুদ, উপজেলা বিএনপি নেতা কাইয়ুম খান হেলাল, আবদুল করিম, জহিরুজ্জামান জহির, আব্দুল মালেক মঞ্জু, অ্যাডভোকেট শাহ আলম, এ কে এম ফজলুল হুদা, শরীফুজ্জামান শরীফ, আনিসুর রহমান খোকন, ফ্রিডম সোহেল মাহমুদ ও রনি ভূঁইয়াসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।
আলোচনায় দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য সুসংহত করার বিষয়গুলো উঠে আসে। বক্তারা দেশের স্থিতিশীলতা রক্ষায় দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।