জাল জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টার অভিযোগে নেত্রকোণার পূর্বধলায় দুই রোহিঙ্গাসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সাতজনকে আসামি করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আটক দুই রোহিঙ্গা হলেন কাউসার বিবি ওরফে শাহারা খাতুন (১৯) এবং তাঁর বাবা রশিদউল্লাহ ওরফে বদিউল আলম (৪০)। তাঁরা কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
আটক অন্য দুজন হলেন পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নের পাঠলি গ্রামের আব্দুল জলিল (৪২) এবং উপজেলা সদর ইউনিয়নের ছোট ইলাশপুর গ্রামের আজিজুল হক (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর পাসপোর্ট তৈরির উদ্দেশ্যে রেলপথে ময়মনসিংহের গৌরীপুর হয়ে পূর্বধলার পাঠলি গ্রামে আসেন বাবা-মেয়ে। সেখানে আব্দুল জলিলের মাদ্রাসায় অবস্থান নেন তাঁরা।
এর আগে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই মাস আগে কাউসার বিবি নামে বাংলাদেশি পরিচয়ে একটি জন্মনিবন্ধন সনদ তৈরি করা হয় বলে অভিযোগ রয়েছে। ওই সনদ ব্যবহার করে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নেত্রকোণা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের আবেদন করেন কাউসার বিবি।
পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের কাছে তাঁদের কথাবার্তা ও জমা দেওয়া কাগজপত্র সন্দেহজনক মনে হলে বিষয়টি আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়। পরে চেয়ারম্যান তাঁদের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যান। সেখানে জিজ্ঞাসাবাদের পর ইউএনওর নির্দেশে বৃহস্পতিবার রাতে চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টার বিষয়টি জানার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের ইউএনওর কার্যালয়ে নেওয়া হয়। পরে তাঁর নির্দেশে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বধলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, দুই রোহিঙ্গা নাগরিক ও ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে দেওয়া হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় সাতজনকে আসামি করে থানায় অভিযোগ করা হয়েছে। চারজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।