গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর ময়মনসিংহ নগরীর এক পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নগরীর ২ নম্বর পুলিশ ফাঁড়িতে কর্মরত পরিদর্শক সেলিম মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর তিনি ২ নম্বর পুলিশ ফাঁড়িতে যোগ দেন। তাঁর বাড়ি গোপালগঞ্জ জেলায়।
পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় সেলিম মিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ উঠে একটি গোয়েন্দা প্রতিবেদনে। এর পরিপ্রেক্ষিতে তাঁকে প্রত্যাহার করে অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে।
এদিকে জব্দ করা দুটি মোবাইল ফোন আদালতের মাধ্যমে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা। ফোন দুটির তথ্য-উপাত্ত পরীক্ষা করে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের প্রক্রিয়া চলছে।
ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ওই কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, স্বাভাবিক প্রক্রিয়ায় তাঁকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ার আগে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি।
অন্যদিকে, পুলিশি নজরদারিতে থাকা এবং ব্যক্তিগত মোবাইল ফোন জব্দ থাকায় এ বিষয়ে সেলিম মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।