যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এ শুল্কের আওতায় বাংলাদেশ, ভারত, চীনসহ ১৩টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন রয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের বাণিজ্যনীতি বাস্তবায়নের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্যিক অংশীদারদের আমদানি পণ্যে নতুন কর আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে।
মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগে ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ক অবৈধ ঘোষণা করার পর মার্চ মাসে অন্যান্য দেশের বাণিজ্যনীতি নিয়ে হোয়াইট হাউসের তদন্ত শুরু হয়। এর ধারাবাহিকতায় নতুন শুল্ক আরোপের পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পণ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত এবং ভিয়েতনামের পণ্যে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। অন্য দেশগুলোর ক্ষেত্রে ২০ থেকে ২৫ শতাংশ শুল্কের কথা উল্লেখ করা হয়েছে। তবে ট্রাম্পের সম্মত হওয়া শুল্কের সর্বোচ্চ সীমার কারণে কয়েকটি ক্ষেত্রে কার্যকর শুল্কের হার কমতে পারে।
ধারা ৩০১-এর তদন্তের আওতায় থাকা দেশ ও অর্থনৈতিক অঞ্চলগুলো হলো—চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ধারা ৩০১ অনুযায়ী, বিদেশি সরকারের বাণিজ্যনীতি ও আচরণ মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান, শ্রমিক এবং ভোক্তাদের ওপর অন্যায্য প্রভাব ফেলছে কি না, তা তদন্ত করা হয়।
ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন এবং কিছু ক্ষেত্রে তা কার্যকরও করেছেন। তাঁর যুক্তি, আমদানি পণ্যে শুল্ক বাড়ালে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে।