জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার ইএলটি ব্রিকস ও বিসমিল্লাহ ব্রিকসে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইটভাটা দুটিকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জামালপুর পরিবেশ অধিদপ্তর ও মেলান্দহ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুন আরা জানান, ইটভাটা দুটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিটিকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, পরিবেশ দূষণ রোধ ও ইটভাটার অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে জামালপুর পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট এ.কে.এম. ছামিউল আলম কুরসি, ফায়ার সার্ভিসের সদস্য এবং মেলান্দহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।