তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, জুয়া ও বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে গ্রাম পুলিশদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
শনিবার (২১ নভেম্বর) নান্দাইল উপজেলায় গ্রাম পুলিশদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক অপরাধ প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, গ্রাম পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা তৈরিতে গ্রাম পুলিশদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো অপরাধ মোকাবিলায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, অপরাধ ও অনিয়মের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করারও নির্দেশ দেন তিনি।
এর আগে শনিবার নান্দাইল উপজেলার বিএনপির সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। সেখানে সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বাড়ানো, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় এবং দলীয় কর্মকাণ্ড আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা হয়।
এদিকে, শুক্রবার নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজারের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন ইয়াসের খান চৌধুরী। এ সময় বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ ও বসার স্থান তৈরির কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেন তিনি।
স্থানীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।