বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পানিহাতা মিশনমোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পথে ছয় ভারতীয় নাগরিককে আটক করা হয়।
আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০), আকিব (শিশু), নুরজাহান খাতুন, সাকিব হাসান শেখ (২) এবং রাকিব হাসান (৮)। তাদের সবার বাড়ি ভারতের হুগলি জেলার ডানকুনি এলাকার মনহরপুর মল্লিকপাড়ায় বলে বিজিবির দেওয়া তথ্যে উল্লেখ করা হয়েছে।
বিজিবির তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।