নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিলে নেতৃত্ব দেন জেলার দুই সংসদ সদস্য। পরে সন্ধ্যা পর্যন্ত শহরে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে একাধিক মিছিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে শহরের ছোট বাজারে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে প্রথম বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য চিকিৎসক অধ্যাপক আনোয়ারুল হক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
মিছিলের সামনের সারিতে ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু। এতে বিএনপি ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি ছোট বাজারের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে তেরি বাজার মোড়, আখড়ার মোড়, বড় বাজার ও শহীদ মিনার এলাকা ঘুরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এরপর সন্ধ্যা ৭টা পর্যন্ত সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। একই সময়ে জেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরাও পৃথক মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।