ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তাঁর দাবি, দেশে ফেরার উদ্দেশ্যে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠনে পরিণত করে উসকানিমূলক কর্মসূচি দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন সোহেল তাজ। পোস্টে তিনি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতা ও হামলার ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের ফটোকার্ড যুক্ত করেন।
পোস্টে শেখ হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজ লেখেন, তিনি এখন ‘লাশের অপেক্ষায়’ আছেন। শেখ হাসিনা প্রায় দেড় দশকের শাসনামলে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, নিপীড়ন, গুম ও খুন, মানুষের ভোটাধিকার হরণ, গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করা, লুটপাট ও গণহত্যার মাধ্যমে দেশকে ধ্বংস করেছেন।
ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতা হারিয়ে বিদেশে অবস্থান করে দেশে ফেরার নামে আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করা হচ্ছে এবং দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টির চেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য দেশে ফিরে প্রতিশোধ নেওয়ার পরিবেশ তৈরি করা।
সোহেল তাজ পোস্টে আরও দাবি করেন, শেখ হাসিনা সম্প্রতি বলেছেন, তাঁর মতো কেউ আন্দোলন গড়ে তুলতে পারে না। আন্দোলনের একটি বড় উপাদান হিসেবে ‘লাশ’কে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে, নিজের দলের সদস্যদের মৃত্যুকে কেন্দ্র করে আরও অরাজকতা সৃষ্টির চেষ্টা হতে পারে।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার আচরণকে ‘সাইকোপ্যাথ’-এর চরিত্র বলে মন্তব্য করেন। তাঁর অভিযোগ, গণহত্যার দায় থাকা সত্ত্বেও নিজেকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
এদিকে, গত ১২ দিনে দেশের অন্তত ২১টি জেলায় ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য উদ্ধৃত করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে।