নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের অনুষ্ঠানে বরের জন্য আনা বিশেষ মিষ্টি ঘিরে সন্দেহ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। মিষ্টিতে অস্বাভাবিক গন্ধ পাওয়ার পাশাপাশি এক অজ্ঞাত তরুণীর হাতে কীটনাশকের বোতল দেখার দাবি করেছেন বরপক্ষের সদস্যরা। ঘটনার পর বিয়ে সম্পন্ন না করেই বর ও বরযাত্রীরা ফিরে যান।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে তাওফিকুর রহমান (২৫) এবং মোহনগঞ্জের বসন্তিয়া গ্রামের নিজাম উদ্দিন ওরফে ওলামের মেয়ে সাদিয়া আক্তারের (২০) বিয়ের আয়োজন করা হয়েছিল।
বরের চাচাতো ভাই বজলুর রহমান জানান, বুধবার বিকেল ৩টার দিকে বর তাওফিকুর রহমানকে নিয়ে তাঁরা কনের বাড়িতে পৌঁছান। বিয়ে পড়ানোর জন্য কাজিও উপস্থিত ছিলেন। এ সময় বরযাত্রীরা খাবার গ্রহণ করছিলেন। হঠাৎ বোরকা পরা এক তরুণী বরের জন্য বিশেষভাবে আনা মিষ্টি নিয়ে আসেন। ওই তরুণী জানান, মিষ্টিগুলো শুধু বর খাবেন।
বজলুর রহমানের ভাষ্য, মিষ্টি মুখে দেওয়ার সময় বর তাতে অস্বাভাবিক গন্ধ পান। এ নিয়ে সন্দেহ তৈরি হলে বরপক্ষের সদস্যরা ওই তরুণীর হাতে একটি কীটনাশকের বোতল দেখতে পান বলে দাবি করেন। পরে তরুণীটি মিষ্টি রেখে দ্রুত চলে যান। তাঁকে খুঁজেও পাওয়া যায়নি। কনেপক্ষের লোকজনও ওই তরুণীকে চেনেন না বলে জানিয়েছেন বলে দাবি বরপক্ষের।
ঘটনার পর আতঙ্কিত হয়ে বরকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বিয়ে সম্পন্ন না করেই বাড়ি ফিরে যান বরযাত্রীরা।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে তাওফিকুর রহমান হাসপাতালে আসেন। তাঁর স্বজনেরা বিয়ের অনুষ্ঠানে বিষ মেশানো মিষ্টি দেওয়ার অভিযোগ করেন। তবে ওই যুবক মিষ্টিটি খাননি। আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম জানান, মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ তুলে বরপক্ষ বিয়ে না করেই চলে গেছে। তবে মিষ্টিতে বিষ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন বলে তিনি মনে করেন।
বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ তালুকদার বলেন, বরকে পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙার উদ্দেশ্যে কনে এক তরুণীকে দিয়ে মিষ্টিতে বিষ মেশানোর চেষ্টা করেছেন—এমন কথা তিনি লোকমুখে শুনেছেন। তবে ঘটনার সত্যতা তিনি নিশ্চিত করতে পারেননি।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, এ ধরনের ঘটনার বিষয়ে পুলিশ এখনো অবগত নয়। কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।