1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুকসুদপুর থানায় আগুন দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা ৩ বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা প্রধানমন্ত্রীর ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার মামলায় সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড নেত্রকোনায় লোকাল ট্রেনে আগুন, ভূমি অফিসে ককটেল বিস্ফোরণ টাঙ্গাইলে রাতের আঁধারে আগুনে পুড়ল জুলাই স্মৃতিস্তম্ভ দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, বাড়ানো হচ্ছে নিরাপত্তা কাদের মোল্লার ফাঁসি ‘ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ উত্তরার বাসা থেকে গভীর রাতে আটক সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয় চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন

৩ বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের বিজ্ঞানীদের তৈরি নিজস্ব স্যাটেলাইট আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ গবেষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও স্যাটেলাইট নির্মাণের কাজে ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। দেশের বিজ্ঞানীরা নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট তৈরির কাজ করছেন এবং আগামী তিন বছরের মধ্যে তা মহাকাশে পাঠানোর লক্ষ্য রয়েছে।

প্রযুক্তিগত অগ্রগতির যুগে তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (এসটিইএম) শিক্ষা, গবেষণার সুযোগ, আধুনিক গবেষণাগার ও ইনকিউবেশন সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এসব সুযোগ পেলে বাংলাদেশের তরুণেরা বৈশ্বিক উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ বিশ্বকে নেতৃত্ব দেবে। এ ক্ষেত্রে পিছিয়ে থাকলে ব্যক্তি ও দেশ উভয়ই অগ্রগতির পথে পিছিয়ে পড়বে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণদের এখন থেকেই দক্ষতা ও যোগ্যতা অর্জনে মনোযোগী হতে হবে।

এভিয়েশন ও অ্যারোস্পেস খাতে বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শুধু বিমান পরিচালনা কিংবা উড্ডয়ন কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। উপযুক্ত সুযোগ ও সহযোগিতা পেলে দেশের তরুণেরা মহাকাশ ও আকাশ প্রযুক্তির ক্ষেত্রেও বড় অর্জন করতে পারবেন।

প্রধানমন্ত্রী আরও জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ পরিকল্পনা বাস্তবায়নে দেশের একমাত্র এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থের সংকট যেন বাধা না হয়, সে জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তারেক রহমান। প্রয়োজন হলে এই বরাদ্দ আরও বাড়ানো হবে বলে উল্লেখ করেন তিনি।

শিক্ষার্থীদের প্রচলিত চিন্তার বাইরে গিয়ে নতুন ধারণা তৈরি, উদ্ভাবন ও গবেষণায় উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, তাদের উদ্ভাবনগুলো যোগাযোগব্যবস্থা, কৃষি এবং দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে বাস্তবে প্রয়োগের উপযোগী করে তুলতে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যেতে হবে। এ কাজে সরকার সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।

প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় দেশের তরুণ উদ্ভাবকদের ৭৪টি দল এবং মোট ২৯৬ জন অংশগ্রহণ করছেন। ফিক্সড-উইং ইউএভি, রোটরক্রাফট, স্পেস রোবোটিক্স ও সকার বট—এই চার বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি