রাজধানীর উত্তরার বাসা থেকে গভীর রাতে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন নুরুল ইসলাম নাহিদ। বুধবার গভীর রাতে ওই বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
ওসি খালিদ মনসুর জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ বিভিন্ন ঘটনায় সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও হত্যাসহ প্রায় ১৪টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সংশ্লিষ্ট আইনি বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
নুরুল ইসলাম নাহিদ সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। পরবর্তী সময়ে টানা ১০ বছর দেশের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা দায়ের করা হয়। বিয়ানীবাজারে সংঘর্ষে নিহত ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম এবং নিহত রায়হান উদ্দিনের ভাই বোরহান উদ্দিন পৃথক দুটি মামলা করেন।
এ ছাড়া গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের নাজমুল ইসলাম (২৪) হত্যার ঘটনায় তার স্ত্রী খাদিজা মাহিরুল বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়। মামলায় স্থানীয় আওয়ামী লীগের ১১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১১০ জনকে আসামি করা হয়েছে।
গোলাপগঞ্জের দত্তরাইল গ্রামের মিনহাজ (২৩) হত্যার ঘটনায় তার বড় ভাই সাঈদ আলম এবং ঘোষগাঁও গ্রামের গৌছ উদ্দিন হত্যার ঘটনায় তার ভাতিজা রেজাউল করিম পৃথক মামলা করেন। এসব মামলাতেও নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।