সিলেটের গোয়াইনঘাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিৎ সরকারের গোপন সভার ঘটনায় দায়ের করা মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় সভাস্থল হিসেবে ব্যবহৃত রাতারগুলের ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টে’ তালা দিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ (৩০), উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহীন আহমদ (৪৪), ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম (৬৩), পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. ইসমাইল আহমদ ওরফে ইয়াছিন আরাফাত (২৩), উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আমির উদ্দিন (২৯), পশ্চিম জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য ফারুক আহমদ (৪২), উপজেলা তাঁতি লীগের সহসভাপতি মস্তাক আহমদ (৩৮), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর রহমান (৩২) এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য লিটন সাঁওতাল (৪০)।
এর আগে বুধবার ভোররাত ৩টার দিকে ওই রিসোর্টে অভিযান চালিয়ে দুই কর্মীসহ চারজনকে আটক করে পুলিশ। আটক অন্যদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার মুরারবন গ্রামের ফরহাদ আহমদ (১৯), গোয়াইনঘাটের খাসবারহাল গ্রামের ফারুক আহমদ (৫৯), নয়াবস্তি গ্রামের আলী হোসেন (৩৪) এবং ১৬ বছর বয়সী এক কিশোর।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আইনজীবী রোকন মিয়া শিক্ষা সফরের কথা বলে রোববার রাতারগুলের রিসোর্টটি ভাড়া নেন। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হলেও পরে রনজিৎ সরকার উপস্থিত হয়ে দলীয় ব্যানার টাঙিয়ে কয়েক মিনিট বক্তব্য দেন। এরপর তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।
পরদিন সোমবার বিকেল ৪টা ৪৯ মিনিটে রনজিৎ সরকার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই সভার ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে, সভার ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে সোমবার রাতে সিলেট নগরের গোপালটিলায় রনজিৎ সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই রাতে জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের বাসায় হামলা ও ভাঙচুর চালানো হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল জানান, সভার ঘটনায় পুলিশ বাদী হয়ে রনজিৎ সরকারকে প্রধান আসামি করে মামলা করেছে। এতে ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৭৫ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার ১৩ জনকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।