২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির জন্য এলাকাভেদে সর্বোচ্চ ফি নির্ধারণ করেছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, মফস্বল এলাকায় সেশন চার্জসহ ভর্তি ফি নেওয়া যাবে সর্বোচ্চ ৫০০ টাকা। অন্যদিকে, ঢাকা মহানগরীর নির্দিষ্ট কিছু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ইংরেজি সংস্করণে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকা নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রকাশিত ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’-এ এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
নীতিমালা অনুযায়ী, সেশন চার্জসহ ভর্তি ফি মফস্বল এলাকায় সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। উপজেলা পর্যায়ের পৌর এলাকায় এ ফি সর্বোচ্চ এক হাজার টাকা এবং জেলা সদর পৌর এলাকায় দুই হাজার টাকা। এ ছাড়া ঢাকা ছাড়া অন্যান্য মহানগর এলাকায় সর্বোচ্চ তিন হাজার টাকা ভর্তি ফি নেওয়া যাবে।
ঢাকা মহানগরীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা। অন্যদিকে, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবিহীন প্রতিষ্ঠানগুলো উন্নয়ন এবং শিক্ষকদের বেতন-ভাতা খাতে সর্বোচ্চ আট হাজার টাকা আদায় করতে পারবে।
এসব প্রতিষ্ঠানের ইংরেজি সংস্করণে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকা নেওয়ার সুযোগ রয়েছে। তবে উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান তিন হাজার টাকার বেশি আদায় করতে পারবে না।
একই প্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না
নীতিমালায় একই প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে ভর্তির বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একই প্রতিষ্ঠানে পরবর্তী শ্রেণিতে ভর্তি হলে সেশন চার্জ নেওয়া যাবে। তবে এ ক্ষেত্রে পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।
অতিরিক্ত ফি আদায়ে এমপিও বাতিলের বিধান
সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।
নতুন নীতিমালায় এলাকাভিত্তিক ভর্তি ফি নির্ধারণের পাশাপাশি অতিরিক্ত অর্থ আদায় নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অভিভাবকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।