প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে একমত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। দুই দেশের সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যৌথভাবে কাজ করার বিষয়েও আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে দুই নেতার মধ্যে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ উপলক্ষে রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন শুরুর আগের দিন সন্ধ্যায় এ আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে। বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে অংশীদারত্ব এবং রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনার শুরুতে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এরদোয়ানের সঙ্গে নিজের আগের বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি কপ-৩১ সম্মেলনের আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান।
প্রতিরক্ষা ও বাণিজ্যে সহযোগিতা সম্প্রসারণ
প্রতিরক্ষা খাতে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান সম্পর্ক আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এ খাতে সহযোগিতার পাশাপাশি যৌথ বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর বিষয়েও আলোচনা করেন দুই নেতা।
এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং আরও ঘনিষ্ঠ আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেন তারেক রহমান।
জ্বালানি ও খনিজ সম্পদে বিনিয়োগের সম্ভাবনা
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে পারস্পরিক অংশীদারত্ব গড়ে তোলার বিষয়েও আলোচনা হয় বৈঠকে। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
জলবায়ু সংকট মোকাবিলায় যৌথ উদ্যোগের আহ্বান
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তারেক রহমান। জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক সহযোগিতা এবং অংশীদারত্বের বিষয়টিও আলোচনায় স্থান পায়।
রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন চাইলেন তারেক রহমান
রোহিঙ্গা সংকট মোকাবিলায় তুরস্কের ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এ সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের সংহতি এবং রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা অব্যাহত রাখায় দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন এবং সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ।
এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গাদের পক্ষে তুরস্কের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি।