গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে আবারও বিক্ষোভের চেষ্টা করেছেন পোশাক কারখানার একদল শ্রমিক। এ সময় আশপাশের কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করেন। পরে লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়।
রোববার (৮ নভেম্বর) বেলা ৩টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ির জরুন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর অর্ধশতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে কাশিমপুর থেকে কোনাবাড়ির জরুন এলাকার দিকে আসেন। এ সময় তাঁরা আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। ওই কারখানাগুলোতে তখন উৎপাদন কার্যক্রম চলছিল।
এ পরিস্থিতিতে স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানার ভেতরে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা শ্রমিকদের ধাওয়া দেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিজিবি। পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। বেলা ৩টার দিকে একই দাবিতে মন্ডল গ্রুপের বেশ কয়েকজন শ্রমিক জরুন মোড়ে জড়ো হন। এ সময় তাঁরা ছয় থেকে সাতটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন।
তিনি আরও জানান, পরে পুলিশ ও বিজিবি সদস্যরা লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেন। এ ঘটনায় সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে ওই সাতটি কারখানা ছাড়া গাজীপুরের অন্য সব কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে।