ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আসন্ন কালীপূজা ঘিরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি সম্প্রতি দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। একই সঙ্গে আসন্ন কালীপূজায় কঠোর নজরদারি অব্যাহত রাখার নির্দেশ দেন, যাতে কোনো দুষ্কৃতিকারী অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।
সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার নিরাপত্তায়। এসব এলাকায় অপরাধ প্রতিরোধে আনসার ও ভিডিপির প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের কাজে লাগিয়ে কার্যকর তথ্য সংগ্রহের নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পাশাপাশি পুলিশ, ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন জেলা প্রশাসক।
তিনি বলেন, এককভাবে সফলতা দেখানোর মানসিকতা পরিহার করে টাস্কফোর্সের সক্রিয় ভূমিকা এবং বিভিন্ন দপ্তরের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সীমান্ত দিয়ে চোরাচালানসহ নানা অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে।
সভায় ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।