বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গ্রামপুলিশ হিসেবে পুরস্কার ও সনদ পেয়েছেন শেরপুরের মো. মজনু মিয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত গ্রামপুলিশদের মহাসমাবেশে তাঁর হাতে পুরস্কার ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।
মজনু মিয়া শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নে গ্রামপুলিশ হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি পর্যায়ক্রমে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গ্রামপুলিশ নির্বাচিত হন। পরবর্তী সময়ে বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পান তিনি।
মজনু মিয়ার এ অর্জনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, গ্রামপুলিশ মজনু মিয়ার এ অর্জনে জেলা প্রশাসন ও শেরপুরবাসী গর্বিত ও আনন্দিত।