রংপুরের পীরগঞ্জে ৯২ পিস ইয়াবাসহ রামনাথপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান ও তাঁর সহযোগী মশিউর রহমানকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনার পর মিজানুর রহমানকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা যুবদল।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
আটক মিজানুর রহমান মিজান (৩৫) মাদারহাট জুম্মাপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে। তিনি রামনাথপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। অপর আটক ব্যক্তি মশিউর রহমান (২৩) একই গ্রামের মধ্যপাড়ার রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মাদারহাট এলাকায় ইয়াবা বিক্রির সময় প্রথমে মশিউর রহমানকে আটক করেন এলাকাবাসী। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে যুবদল নেতা মিজানুর রহমানকেও আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৯২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির ১৬ জন খুচরা ক্রেতার নামের একটি তালিকা উদ্ধারের দাবি করেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে দুজনকে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, আটক দুজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
পীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ বলেন, দলের কোনো নেতাকর্মী মাদক বা অন্য অপরাধে জড়িত থাকলে তার দায় সংগঠন নেবে না। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মিজানুর রহমানকে ইতোমধ্যে উপজেলা যুবদল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক জানান, স্থানীয়রা ৯২ পিস ইয়াবাসহ দুজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক দুজনকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।