1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ

‘শেখ হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে’: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

পলাতক শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে হাতকড়া পরেই ফিরতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তাঁর বিরুদ্ধে ওঠা অপরাধের অভিযোগের বিচার করা হবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ইয়াসের খান চৌধুরী বলেন, শেখ হাসিনা কোটি কোটি ডলার নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বিভিন্ন সময় হুমকি দেন এবং ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেন। তবে এখনো ফেরেননি। তিনি দেশে না ফিরলে তাঁকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

১৯৭৫ সালের পর আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করেছিল বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, সে সময় দেশে দুর্ভিক্ষ, অস্থিরতা ও বিভাজন তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে ৭ নভেম্বর সিপাহি-জনতা বন্দিদশা থেকে জিয়াউর রহমানকে মুক্ত করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমান বিভাজনের রাজনীতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র ও জাতীয় ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন। দেশের সংকটকালে জিয়াউর রহমান ও তাঁর পরিবার জনগণের পাশে দাঁড়িয়ে অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছে বলেও দাবি করেন তিনি।

দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে অভিযোগ করে ইয়াসের খান চৌধুরী বলেন, একটি কুচক্রী মহল এ ধরনের তৎপরতা চালাচ্ছে। তাঁর অভিযোগ, শেখ হাসিনার নেতৃত্বাধীন শাসনামলে নারী, শিশু ও সাধারণ মানুষ হত্যা এবং গুমের ঘটনা ঘটেছে। এসব অভিযোগের বিচার নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি