কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান (৪০)।
বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার জানান, শাহরিয়ার জামানের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর কাটা ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল ছিল। তবে পরবর্তী জটিলতা এড়াতে তাঁকে রাজধানীর উন্নত চিকিৎসাকেন্দ্রে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।
মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন জানান, বুধবার রাতে ব্যক্তিগত কাজে গচিহাটা বাজারে গিয়েছিলেন তাঁর ছেলে। সেখানে পৌঁছানোর পর একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করে ছেলের চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনিও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে।