বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে গভীর রাতে অটোরিকশায় অবস্থান করা এক তরুণ ও এক তরুণীকে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের আমবাগান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁদের পরিচয় যাচাই ও লিখিত মুচলেকা নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম জানান, গভীর রাতে আমবাগান এলাকায় একটি অটোরিকশায় ওই তরুণ ও তরুণীকে দেখতে পান তাঁরা। তাঁদের পরিচয় ও সেখানে অবস্থানের কারণ জানতে চাইলে যুবকের কথাবার্তা অসংলগ্ন এবং আচরণ অস্বাভাবিক মনে হয়। এতে তিনি নেশাগ্রস্ত কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়। তবে ওই যুবক দাবি করেন, পান খাওয়ার কারণে তাঁর মাথা ঘুরছিল।
ছাত্রদলের কর্মী মেহেদী জানান, ওই তরুণীর পরিচয় এবং তাঁদের দেওয়া কিছু তথ্য নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। একপর্যায়ে তরুণীকে একজনের মেয়ে হিসেবে পরিচয় দেওয়া হলেও সংশ্লিষ্ট আরেক ব্যক্তি তাঁকে অটোরিকশায় দেখেননি বলে দাবি করেন। এতে তাঁদের পরিচয় ও ক্যাম্পাসে অবস্থানের কারণ নিয়ে সন্দেহ বাড়ে।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, গভীর রাতে ক্যাম্পাসের নির্জন এলাকায় তাঁদের অবস্থান ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখাকে জানানো হয়। পরে তাঁদের সেখানে নিয়ে পরিচয়পত্র ও প্রয়োজনীয় তথ্য যাচাই করা হয়।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান বলেন, গভীর রাতে এক যুবক ও এক নারী অটোরিকশায় করে ক্যাম্পাসে এসেছিলেন। তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেন। পরে তাঁদের পরিচয়পত্র যাচাই ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। প্রাথমিকভাবে তাঁরা বিবাহিত বলে ধারণা পাওয়া গেলেও বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, তাঁদের কাছ থেকে লিখিত বক্তব্য ও মুচলেকা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।