ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল পৌনে ১০টার পর থেকে মহাসড়কের নাওজোর এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল পৌনে ১০টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সময়ে মহানগরীর কোনাবাড়ী ও মৌচাক এলাকার কয়েকটি স্থানেও শ্রমিকদের সড়কে নামতে দেখা যায়।
অন্যদিকে, কালিয়াকৈরের পল্লিবিদ্যুৎ এলাকায় অন্যান্য দিনের মতো অবরোধ না থাকলেও সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, মঙ্গলবার এখন পর্যন্ত ৫০টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।
তিনি বলেন, নাওজোর এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।
এদিকে, সড়কের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত কয়েক দিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ চলছে। এসব ঘটনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এতে পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশের গাড়ি, বিভিন্ন যানবাহন এবং কারখানার গুদামেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।