শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, ভিন্ন অ্যাজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় কেউ কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পোশাকশিল্পের মালিকদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের নামে সড়কে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। শ্রমিক আন্দোলনের আড়ালে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন কিংবা আইনের বাইরে গিয়ে কর্মকাণ্ড চালাবেন, তাঁদের কঠোর হাতে দমন করা হবে।
তিনি আরও অভিযোগ করেন, কিছু পতিত শক্তির দোসর দেশে সক্রিয় রয়েছেন। গত কয়েক দিনে দেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা হয়েছে, সেখানে প্রকৃত শ্রমিকদের সম্পৃক্ততা ছিল না বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, ভিন্ন অ্যাজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে সীমান্তের ওপারের ইশারায় এসব তৎপরতা চালানো হচ্ছে।
ডিসেম্বর মাসে রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। এ মাসে সরকারের অনেক কর্মসূচি রয়েছে এবং সেগুলো অব্যাহত থাকবে।
পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রসঙ্গে তিনি বলেন, তাঁরা চাইলে দেশে ফিরতে পারেন। তাঁদের সঙ্গে আইন অনুযায়ী সুবিচার করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পলাতক নেতাকর্মীরা ডিসেম্বর নিয়ে নানা বক্তব্য দিচ্ছেন। তাঁরা চাইলে আজই দেশে ফিরতে পারেন। তাঁদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সরকারকে নিয়ম অনুযায়ী জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তাঁর অভিযোগ, ডিসেম্বরকে সামনে রেখে এসব বক্তব্যের মাধ্যমে পলাতক নেতাকর্মীদের উৎসাহিত করার চেষ্টা চলছে।