কিশোরগঞ্জের হোসেনপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) ময়মনসিংহের ভালুকা থানা এলাকায় মহাসড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুরের সদরপুর উপজেলার ইউনুস খান (৪৫), মানিকগঞ্জের শিবালয় উপজেলার মো. ইউসুফ হোসেন (৩৪), রংপুরের মিঠাপুকুর উপজেলার মো. ওয়াসিম মিয়া (৩৫) এবং বগুড়ার দোনাত এলাকার আঃ মালেক ওরফে ছালেক (৫০)।
পুলিশ জানায়, অভিযানে তাঁদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি কিরিচ, একটি চাপাতি, একটি চাকু, একটি সুইচ গিয়ার, একটি রামদা, একটি স্মার্টফোন ও পাঁচটি বাটন ফোন উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার পশ্চিম দ্বীপেশ্বর এলাকায় হোসেনপুর-গফরগাঁও সড়কের পাশে একটি পিকআপ নিয়ে ৮ থেকে ৯ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়ার নেতৃত্বে একটি দল অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দলটির সদস্যরা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাঁদের ধাওয়া করে ময়মনসিংহের ভালুকা থানা এলাকায় মহাসড়ক থেকে চারজনকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।