ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল নিয়ে রেলব্রিজ পার হওয়ার সময় নিচে পড়ে গুরুতর আহত সোহাগ মিয়া (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১ নভেম্বর) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের কাওরাইদ ও মশাখালী স্টেশনের মধ্যবর্তী শীলা রেলব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ মিয়া গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের আহসান উল্লাহর ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানির স্থানীয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে শীলা রেলব্রিজ পার হওয়ার সময় স্লিপারে চাকা পিছলে যায়। এতে মোটরসাইকেলসহ নিচে পড়ে গুরুতর আহত হন সোহাগ। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহে এবং সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোহাগ মিয়ার প্রতিবেশী মামুন মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন।
বিকল্প সেতু না থাকায় ঝুঁকিপূর্ণ পারাপার
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শীলা রেলব্রিজ দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি পথচারী, মোটরসাইকেল ও সাইকেল আরোহীরাও সেতুটি ব্যবহার করেন।
তাদের অভিযোগ, ব্রিজের ওপর দিয়ে ট্রেন চলাচলের সময়ও অনেকে সেখানে আটকে পড়েন বা ভারসাম্য হারিয়ে নিচে পড়ে আহত হন। অথচ আশপাশে পারাপারের জন্য বিকল্প কোনো সেতু বা সড়ক নেই।
স্থানীয়দের মতে, এ ধরনের দুর্ঘটনা এড়াতে নিরাপদ পারাপারের ব্যবস্থা করা জরুরি।