1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ চার দিনের রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিল নৌ পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন। এর আগে দুপুর সোয়া ২টার দিকে দীপকে আদালতে হাজির করা হয়।

রিমান্ড আবেদনে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন উল্লেখ করেন, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে দীপ তাহসিফকে বাসা থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ।

পরদিন ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ খবর পায়, উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে একটি অজ্ঞাতপরিচয় মরদেহ ভাসছে। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। সুরতহাল করার সময় ট্রাউজারের পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা জানতে পারেন, ঘটনার দিন দীপ তাহসিফকে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ নিহত তাহসিফকে তাঁর সিনিয়র বড় ভাই হিসেবে পরিচয় দিয়েছেন।

যেসব কারণে রিমান্ড আবেদন

পুলিশের আবেদনে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও উদ্দেশ্য উদ্‌ঘাটন, ঘটনায় জড়িত অন্য সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধারের কথা বলা হয়।

এ ছাড়া তাহসিফের ব্যবহৃত ব্যক্তিগত মোটরসাইকেল উদ্ধার এবং হত্যাকাণ্ডের ঘটনাস্থল সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্যও দীপকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে তদন্তের প্রাথমিক পর্যায়ে হত্যাকাণ্ডের সঙ্গে দীপের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার দাবি করেছে পুলিশ। তবে মামলার অভিযোগ ও তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে অভিযোগের চূড়ান্ত সত্যতা আদালতে প্রমাণিত হওয়া বাকি।

শুনানিতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তাহসিফের বাবার করা হত্যা মামলা

তাহসিফের মৃত্যুর ঘটনায় তাঁর বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। শুক্রবার রাত ১টা ৫ মিনিটে মামলাটি করা হয়। পরে ওই মামলায় দীপকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখায় পুলিশ।

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি