ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপির সংসদ সদস্য ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মো. ফজলুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়টিকে ‘অমানুষদের জায়গা’ হিসেবে আখ্যায়িত করে সেখানে পড়াশোনা ও শিক্ষকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীসের লেখাপড়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর ভাষায়, বিশ্ববিদ্যালয়টি এখন ‘সিনিয়র মাদ্রাসা’ এবং ‘অমানুষদের একটা জায়গা’ হয়ে উঠেছে। সেখানে শিক্ষকতা করার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীতের অবদানের কথা উল্লেখ করে এই রাজনীতিক বলেন, একসময় প্রতিষ্ঠানটি বহু কবি, সাহিত্যিক, চিন্তাবিদ ও শিক্ষাবিদের জন্ম দিয়েছে। তাঁদের মধ্যে আব্দুল ওহাব, আবুল হোসেন, জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, মুজাফফর আহমদ চৌধুরী, নীলিমা ইব্রাহিম, ড. নাজমা চৌধুরী, আহমদ শরীফ, হুমায়ুন আজাদ ও হুমায়ূন আহমেদের নাম উল্লেখ করেন তিনি।
ফজলুর রহমানের অভিযোগ, বিশ্ববিদ্যালয়টির সেই ঐতিহ্য এখন আর আগের মতো নেই। তাঁর দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে ‘স্বাধীনতাবিরোধী অমানুষদের একটা কারখানা’ হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ে গোলাম আযম ও মতিউর রহমান নিজামীর ছবি টাঙানোর বিষয়টি উল্লেখ করেও সমালোচনা করেন তিনি।
ফজলুর রহমান একজন জ্যেষ্ঠ আইনজীবী। তিনি বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এবং কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য। এর আগে তিনি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।