টঙ্গীতে মাদরাসার এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা শিশুটির বাবা শাহজালাল রুমি দেশেই আছেন। তাঁর বিরুদ্ধে দায়ের করা মারধর, হত্যাচেষ্টা ও চুরির মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী এইচ. এম. রুহুল আমীন মোল্লা (হাসান)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী। তিনি জানান, আইনি সহায়তা নিতে সোমবার বিকেল থেকে দীর্ঘ সময় তাঁর চেম্বারে ছিলেন শাহজালাল রুমি। তাঁর বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় দায়ের করা মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হয়েছে। তবে আবেদনের শুনানির তারিখ এখনো জানা যায়নি।
আইনজীবী আরও বলেন, শাহজালাল রুমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিচারব্যবস্থার ওপর আস্থা রেখে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজের ও পরিবারের নিরাপত্তা এবং সুবিচার নিশ্চিত করতে চান তিনি।
এর আগে গত ২১ অক্টোবর গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় মাদরাসার শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করেন শিশুটির বাবা শাহজালাল রুমি। পরে অভিযুক্ত শিক্ষককে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে শাহজালাল রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় শিশুটিকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন।
অন্যদিকে, মাদরাসার অধ্যক্ষের পক্ষ থেকে দায়ের করা পাল্টা মামলায় শাহজালাল রুমির বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরি, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।
এই মামলা দায়েরের পর থেকে রুমি আড়ালে চলে যান। সোমবার রাতে সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, তিনি আর বাংলাদেশে নেই। তবে মঙ্গলবার তাঁর আইনজীবী জানিয়েছেন, রুমি দেশেই আছেন এবং মামলার বিষয়ে আইনি পদক্ষেপ নিয়েছেন।