ময়মনসিংহের ত্রিশালে বাস ও লেগুনার সংঘর্ষে মো. আলমগীর হোসেন (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার উকিলবাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর ত্রিশাল উপজেলার ধলাইমান গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে। তিনি উকিলবাড়ী এলাকায় অবস্থিত আরএফএল কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় কোম্পানির একটি কাভার্ড ভ্যান প্রধান ফটক দিয়ে বের হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি বাস দ্রুতগতিতে ও বেপরোয়াভাবে বিপরীত দিকের লেন দিয়ে এসে ফটকের নিরাপত্তাকর্মীদের কক্ষসহ আলমগীরকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিবিএমসিবি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত অন্তত ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ত্রিশাল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।