একসময় যে মানুষটি জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন, তাঁর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর স্মৃতি কাটিয়ে ওঠা সহজ নয়। কখনো পুরোনো মুহূর্ত মনে পড়ে, কখনো ফিরে আসার আশায় অপেক্ষা চলে। তবে সময়ের সঙ্গে নিজের জীবন ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে শুরু করলে বোঝা যায়, আপনি ধীরে ধীরে অতীতের সম্পর্ক থেকে বেরিয়ে আসছেন।
প্রাক্তন সঙ্গীকে ভুলতে পেরেছেন কি না, তা বোঝার জন্য কয়েকটি পরিবর্তনের দিকে খেয়াল রাখতে পারেন। এমনই পাঁচটি লক্ষণ তুলে ধরা হলো—
১. আর প্রতিটি ঘটনার মধ্যে গোপন সংকেত খোঁজেন না
প্রাক্তন সঙ্গীর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা শেয়ার করা গান নিয়ে আগে হয়তো অনেক ভাবতেন। মনে হতো, কোনো পোস্ট আপনাকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে কি না, কিংবা তিনি এখনো আপনাকে মনে করেন কি না। কিন্তু ধীরে ধীরে এসব বিষয় বিশ্লেষণ করার প্রবণতা কমে এলে বুঝতে পারেন, আপনি আগের মতো তাঁর প্রতি মনোযোগী নন।
২. নিজের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করেন
আগে হয়তো মনে হতো, প্রাক্তন সঙ্গী ফিরে এলে জীবন আবার নতুন করে শুরু হবে। কিন্তু এখন ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন কিংবা ছুটির দিনের পরিকল্পনা নিজের মতো করে করতে পারছেন। তাঁর ফিরে আসার সম্ভাবনার ওপর নির্ভর না করে নিজের ভবিষ্যৎ সাজাতে শুরু করাও এগিয়ে যাওয়ার একটি লক্ষণ।
৩. তাঁর জীবন সম্পর্কে কৌতূহল কমে যায়
প্রাক্তন সঙ্গী কেমন আছেন, কার সঙ্গে সময় কাটাচ্ছেন কিংবা জীবনে নতুন কেউ এসেছেন কি না—এসব জানার আগ্রহ একসময় প্রবল থাকতে পারে। কিন্তু ধীরে ধীরে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ঘাঁটা বা পরিচিতদের কাছে তাঁর খবর নেওয়ার প্রয়োজন কমে আসে। মাঝে মাঝে মনে পড়লেও তাঁর বর্তমান জীবন সম্পর্কে জানার তাগিদ আর আগের মতো থাকে না।
৪. অতীতের সম্পর্ককে বাস্তবভাবে দেখতে পারেন
সম্পর্কের ভালো মুহূর্তগুলো মনে পড়তেই পারে। তবে একই সঙ্গে কেন সম্পর্কটি ভেঙেছিল, সেই কারণগুলোও স্পষ্টভাবে মনে রাখতে পারেন। শুধু স্মৃতির টানে আবার সম্পর্কে ফিরতে চাওয়ার পরিবর্তে ভালো ও খারাপ—দুই দিকই বিবেচনা করতে শেখেন। কাউকে মনে পড়া মানেই যে তাঁর কাছে ফিরে যেতে হবে, এমনটা আর মনে হয় না।
৫. নিজের সুখের জন্য তাঁর ওপর নির্ভর করেন না
প্রাক্তন সঙ্গীর বার্তা এলো কি না, তিনি যোগাযোগ করলেন কি না—এসব বিষয় আগে আপনার মেজাজ বা পুরো দিনের ওপর প্রভাব ফেলতে পারত। কিন্তু এখন নিজের দৈনন্দিন কাজ, বন্ধুত্ব, শখ ও ব্যক্তিগত অর্জনের মধ্যেই আনন্দ খুঁজে পান। তাঁর উপস্থিতি বা অনুপস্থিতির বাইরে নিজের ভালো থাকার জায়গা তৈরি করতে পারাও অতীত থেকে বেরিয়ে আসার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।
মনে রাখবেন, প্রাক্তন সঙ্গীর কথা মাঝেমধ্যে মনে পড়া মানেই আপনি তাঁকে ভুলতে পারেননি, এমন নয়। সম্পর্ক থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া সবার ক্ষেত্রে এক রকম হয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো, অতীতের স্মৃতি যেন আপনার বর্তমান জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনাকে আটকে না রাখে।