দুর্গাপূজার দীর্ঘ ছুটি শেষ হতেই আবারও চিরচেনা কর্মব্যস্ততায় ফিরেছে রাজধানী ঢাকা। রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে সড়কে বেড়েছে যানবাহনের চাপ, গণপরিবহনে দেখা গেছে যাত্রীদের ভিড়। কোথাও ধীরগতিতে চলেছে গাড়ি, কোথাও বাসের অপেক্ষায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে কর্মজীবী মানুষকে।
সকাল থেকেই অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য কাজে বের হওয়া মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে রাজধানীর সড়ক ও ফুটপাত। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেলের চলাচল বাড়ায় বিভিন্ন এলাকায় যানবাহনের চাপ তৈরি হয়।
রামপুরা, হাতিরঝিল, বাড্ডা, মালিবাগ, মৌচাক ও পল্টন এলাকা ঘুরে সড়কে এমন চিত্র দেখা গেছে। সকাল ৮টার পর থেকেই যানবাহনের চাপ বাড়তে থাকে। বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের দীর্ঘ সারি দেখা যায়। কোনো বাসে আসন না পেয়ে অনেকে দাঁড়িয়ে গন্তব্যে রওনা হন, আবার অতিরিক্ত ভিড়ের কারণে কেউ কেউ পরের বাসের জন্য অপেক্ষা করেন।
রামপুরা ও বাড্ডা এলাকায় সকাল থেকেই কর্মজীবী মানুষের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। একদিকে বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীদের ভিড়, অন্যদিকে সড়কে যানবাহনের দীর্ঘ সারি। যাত্রী ওঠানো-নামানোর কারণে কিছু স্থানে গাড়ির গতি কমে আসে। যানবাহনের চাপ থাকায় গন্তব্যে পৌঁছাতে অনেককে বাড়তি সময় হাতে নিয়ে বের হতে হয়েছে।
হাতিরঝিল এলাকায়ও কর্মস্থলে ফেরার ব্যস্ততা দেখা গেছে। কেউ হেঁটে, কেউ বাসে, আবার কেউ ব্যক্তিগত গাড়িতে গন্তব্যে ছুটেছেন। অন্যদিকে মালিবাগ ও মৌচাক এলাকায় গণপরিবহনের জন্য অপেক্ষমাণ মানুষের ভিড়ের সঙ্গে যুক্ত হয়েছে যানবাহনের চাপ। গাড়ির হর্ন আর সড়কে ধীরগতির কারণে ফিরে আসে রাজধানীর চেনা সকালের দৃশ্য।
পল্টন এলাকায় অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানমুখী মানুষের চলাচলে ব্যস্ত হয়ে ওঠে ফুটপাত। পথচারীদের রাস্তা পারাপারেও গাড়ির চাপের কারণে অপেক্ষা করতে দেখা যায়।
বাড্ডা এলাকায় দায়িত্ব পালনরত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক পরিদর্শক মো. দেলোয়ার বলেন, দীর্ঘ ছুটির পর রোববার ছিল সপ্তাহের প্রথম কর্মদিবস। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সড়কে যানবাহনের চাপ ও যানজট বেশি ছিল। তবে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে এবং পরে যানবাহনের চাপ কমে আসে।
বাসচালক আবুল কালাম বলেন, ছুটির পর সড়কে গাড়ি ও যাত্রী—দুইয়ের চাপই বেড়েছে। যানজটের কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বেশি সময় লাগছে। বাসে যাত্রী ওঠানো-নামানোর সময়ও ভিড় সামলাতে হচ্ছে।
অফিসগামী যাত্রী মো. মকবুল হোসেন জানান, সকালে বাসের জন্য অপেক্ষা করতে হয়েছে। বাসে উঠতে পারলেও অতিরিক্ত ভিড়ের কারণে স্বস্তিতে যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে। যানজট থাকলে সময়মতো অফিসে পৌঁছানো নিয়েও দুশ্চিন্তা থাকে।
পথচারী আয়নাল হোসেন বলেন, ছুটির সময় সড়কে মানুষের চলাচল তুলনামূলক কম ছিল। ছুটি শেষে আবারও আগের মতো ভিড় দেখা যাচ্ছে। গাড়ির চাপের কারণে রাস্তা পার হতেও অপেক্ষা করতে হচ্ছে।
দুর্গাপূজার পাঁচ দিনের ছুটিতে রাজধানীর সড়কে তুলনামূলক স্বস্তি থাকলেও ছুটি শেষে কর্মজীবী মানুষের ফেরায় বদলে গেছে সেই চিত্র। যানবাহনের চাপ, গণপরিবহনে ভিড় আর সকালের যানজটে আবারও ব্যস্ত হয়ে উঠেছে ঢাকা।