ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাদানুবাদের ঘটনায় মামলা হলে সেখানে নিজেকেই এক নম্বর আসামি করার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। শনিবার (২৪ অক্টোবর) পুলিশের করা সাধারণ ডায়েরির (জিডি) খবর প্রকাশ্যে আসার পর লিখিত বক্তব্যে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন সাংবাদিকদের কাছে তাঁর লিখিত বক্তব্য সরবরাহ করেন। এতে সংসদ সদস্য জানান, গত ২৩ অক্টোবর সরাইল থানার ওসির বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
প্রশাসনের প্রতি সম্মান রেখে অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসির বিরুদ্ধে কী ধরনের বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়, তা দেখার জন্য অপেক্ষা করছেন বলে জানান রুমিন ফারহানা। যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও উল্লেখ করেন তিনি।
পুলিশের জিডির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রুমিন ফারহানা বলেন, সরাইলের ঘটনাকে কেন্দ্র করে কোনো মামলা করা হলে সেখানে তাঁকেই যেন এক নম্বর আসামি করা হয়।
এর আগে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সরাইল থানা ভবনে ওসি মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে বাদানুবাদে জড়ান রুমিন ফারহানা। ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এবং দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের সময় পুলিশি নিরাপত্তা না পাওয়ার বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
এ সময় রুমিন ফারহানার সঙ্গে থাকা এক ব্যক্তি অভিযোগ করেন, ওসি তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। তবে ওসি ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। ওই ব্যক্তিকে রুমিন ফারহানা শিখিয়ে থানায় এনেছেন বলেও মন্তব্য করেন তিনি।
এ নিয়ে বাদানুবাদের একপর্যায়ে রুমিন ফারহানা ওসি মনজুর কাদের ভূঁইয়াকে উদ্দেশ করে বলেন, ‘আপনি তো আওয়ামী লীগের চোর ওসি।’